মঠবাড়িয়ায় ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দায় ২য় সাময়িক পরীক্ষা

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:৫৩
পিরোজপুর মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দায় নেয়া হচ্ছে ২য় সাময়িক পরীক্ষা। ভবন ধস ও বড় ধরনের দুর্ঘটনার আশংকায় পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় দেড়শ’ শিক্ষার্থী, শিক্ষকদের মাঝে আতংক বিরাজ করছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১৯৯৫ সালে ৪ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৪ কক্ষ বিশিষ্ট এ বিদ্যালয় ভবনটি নির্মাণ করে। অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই সময় সংশ্লিষ্ট ঠিকাদার সিডিউল মাফিক কাজ না করায় ভবনটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে ভবনটির ১টি কক্ষে শিক্ষকদের অফিস, ২টি কক্ষে চলছে পাঠদান ও একটি কক্ষ কর্তৃপক্ষ আগেই পরিত্যক্ত ঘোষণা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক বলেন, ২০০৫ সালে একবার সংস্কারের জন্য ৭০ হাজার টাকা বরাদ্দ হয়েছিল। যা দিয়ে ঠিকাদার নামে মাত্র সংস্কার করে। এরপর সংস্কারে সরকারি কোনো বরাদ্দ না পাওয়ায় বাধ্য হয়ে আমরা বারান্দায় পাঠদান ও পরীক্ষা নিচ্ছি। বিদ্যালয় ব্যবস্থা কমিটির সভাপতি পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুর রহমান সিকদার বিদ্যালয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্বীকার করে বলেন, সংস্কারের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান জানান, বিদ্যালয়টি যে ঝুঁকিপূর্ণ তা আমার জানা ছিল না।