ডিএসইর লেনদেনের ৫৫ ভাগ চার খাত ঘিরে

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২০:৩২
গত কয়েকদিনের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার শেয়ারবাজারে ভালো লেনদেন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭৪২ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ২১ ভাগ বেশি। লেনদেন বৃদ্ধিতে বড় অবদান রেখেছে ওষুধ ও জ্বালানি খাত। এ দুই খাতে লেনদেন হয়েছে ২৩৭ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ৩২ ভাগ। এছাড়া ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল খাতে লেনদেন হয়েছে ১৬৮ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ২৩ ভাগ। অর্থাত্ এ চার খাতের লেনদেন ডিএসই’র মোট লেনদেনের ৫৫ ভাগ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৪২ কোটি ৫৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১২৭ কোটি ৩১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৪ কোটি ৭০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১০ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের। ডিএসই সূত্রে জানা গেছে, বাংলাদেশ হিসাবমান (বিএএস) অনুযায়ী আর্থিক প্রতিবেদন তৈরি করতে না পারায় রাইট শেয়ার ছাড়তে পারছে না বিচ হ্যাচারি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির রাইট শেয়ার ছাড়ার আবেদন নাকচ করে দিয়েছে। বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানিটি ২০১৪ সালের ৩১ মে পর্যন্ত তৈরিকৃত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (বিএএস) বজায় রাখতে পারেনি। আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস ২০০৬ এর ৩(ই) ধারা অনুযায়ী নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক হিসাবমান (আইএএস) অনুযায়ী প্রস্তুত করতে হবে। একইসঙ্গে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক নিরীক্ষামান (আইএসএ) অনুযায়ী প্রস্তুত করতে হবে।