শার্শায় পরিসংখ্যান কর্মকর্তার পদ শূন্য ছয় বছর

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২১:২৬
২০০৮ সালের ৩১ আগস্ট থেকে শার্শা উপজেলা পরিসংখ্যান অফিসে কর্মকর্তা না থাকায় পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলা পরিসংখ্যন কর্মকর্তা শেখ ফেরদৌস পারভেজ অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। তিনিও ঠিকমত অফিসে না আসায় শর্শা অফিসের তৃতীয় শ্রেণীর এক কর্মচারী ঐ দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে যশোর জেলা পরিসংখ্যান কর্মকর্তার নিকট ঐ তৃতীয় শ্রেণীর কর্মচারী শামসুর রহমানের দায়িত্বে পালনের বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শার্শা উপজেলা পরিসংখ্যান অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করছে ঝিকরগাছা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ফেরদৌস পারভেজ। তবে সামছুর রহমান (পরিসংখ্যান তদন্ত) তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের কোন বৈধতা নেই। এ ব্যাপারে ঝিকরগাছা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ফেরদৌস পারভেজ বলেন, ঝিকরগাছার পাশাপাশি শার্শা উপজেলারও তিনি দায়িত্ব পালন করছেন। বিষয়টি জেলা কর্মকর্তাকে জানানো হয়েছে।