বাংলাদেশের ক্রিকেটের জন্য সময়টা ভালো যাচ্ছে না। ২০১৪ সালে এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল কোনো ফরম্যাটে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে জয় পায়নি। তবে প্রতিপক্ষ যখন ওয়েস্ট ইন্ডিজ, খেলা যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে; তখন বাংলাদেশ ইতিহাসের কথা মনে করে অনুপ্রেরণা পেতে পারে।
এই ইতিহাসের অনুপ্রেরণা নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লম্বা সিরিজের শুরু করতে মাঠে নামবে বাংলাদেশ। আজ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ গ্রেনাডার সেন্ট জর্জে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২২ ও ২৫ আগস্ট। ওয়ানডে সিরিজের পর দু’ দল একটি টি-টোয়েন্টি ম্যাচ ও দুটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে।
আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন।
বাংলাদেশে যখন সন্ধ্যা মিলাচ্ছে, গ্রেনাডায় তখন মাত্র সকাল হয়েছে। সেই সকালেই বাংলাদেশ থেকে ফোন পেয়ে জাতীয় দলের ম্যানেজার ও নির্বাচক, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বললেন, ‘দলের সবাই ফুরফুরে অবস্থায় আছে। মাঠের পারফরম্যান্স শেষ পর্যন্ত কী হবে, সেটা তো বলা সম্ভব না। তবে ছেলেরা খেলা উপভোগ করছে। আমরা ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী।’
বাংলাদেশের জন্য আজকের এই ম্যাচটি বলা যায়, নিজেদের ফিরে পাওয়ার ম্যাচ। একেবারে নতুন কোচিং স্ট্যাফ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছে তারা। প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে ভারতের বিপক্ষে সিরিজের আগেই যোগ দিলেও তার চুক্তিকাল শুরুর পর এটাই প্রথম সিরিজ। এ ছাড়া পেস বোলিং কোচ, ফিল্ডিং কোচ, স্পিন কোচ; সবাই এই সিরিজ দিয়েই বাংলাদেশ পর্ব শুরু করবেন।
নতুন চেহারার এই বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বলতা হল, গত কয়েক বছর ধরে বাংলাদেশের অধিকাংশ সাফল্যের নায়ক সাকিব আল হাসান নিষেধাজ্ঞার কারণে সফরেই যেতে পারেননি। আবার বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন ক্রিস গেইল, কাইরন পোলার্ডরা। দলে আছেন সুনীল নারিন ও ড্যারেন স্যামির মতো সীমিত ওভারের ত্রাস খেলোয়াড়। তবে বাংলাদেশের জন্য সুখবর হতে পারে সর্বশেষ প্রস্তুতি ম্যাচটি। গ্রেনাডা জাতীয় দলের বিপক্ষে ৯৫ রানে জেতা সে ম্যাচে দাপুটে ফর্মে ফিরেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। এ ছাড়া সামসুর রহমান শুভ, মুশফিকুর রহিম ছন্দে আছেন। আশঙ্কা কাটিয়ে দারুণ বল করেছেন মাশরাফি বিন মুর্তজা। পেসার আল আমিন, তাসকিন আহমেদ বা স্পিনার রাজ্জাকও ভালো বল করেছেন।
আজ এসবই মাঠে করে দেখানোর চ্যালেঞ্জ। মাঠের পরিস্থিতি বলতে, আবহাওয়া রিপোর্ট বলছে, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আজ। তবে দিনের বেশীরভাগ সময়ই আকাশ মেঘমুক্ত থাকার কথা। সেন্ট জর্জের এই উইকেট গত কয়েক বছর ধরেই ব্যাটিং বান্ধব বলে পরিচিত। বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত উইকেটে ঘাষ রেখে না দিলে লড়াইটা ব্যাটসম্যানদেরই হওয়ার কথা আজ।
