মৃত্যুফাঁদ বামনা ফুলঝুড়ি খেয়াঘাট

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২১:৩৩
বামনা-ফুলঝুড়ি খেয়াঘাটে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিষখালী নদী পারাপার হচ্ছে হাজারো যাত্রী। এ খেয়াঘাটে সব সময় উপচে পড়া ভিড় থাকে। আর এ সুযোগে ইজারাদার অতিরিক্ত যাত্রী বোঝাই করে অধিক ঝুঁকিপূর্ণ নৌযান (ট্রলার) দিয়ে যাত্রী পারাপার করছেন। ত্রুটিপূর্ণ এসব ট্রলারে ৩০ জন যাত্রী ধারণ করার ক্ষমতা রাখলেও শতাধিক যাত্রী এবং তাদের সঙ্গে থাকা ১০-১৫টি মটর সাইকেল নিয়ে ট্রলারগুলো যাওয়া-আসা করে। এসব তদারকির জন্য কেউ নেই। বর্ষা মৌসুম ও বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকে। সম্প্রতি এ রুটে একটি ট্রলারডুবির ঘটনা ঘটলেও ভাগ্যক্রমে বেঁচে যান যাত্রীরা। নদী পারাপারে সরকার কঠোর বিধি-নিষেধ আরোপ করলেও ঘাট ইজারাদার দুর্ঘটনার আশংকা জেনেও ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে ট্রলার ছাড়েন। সময় বাঁচাতে জীবনের ঝুঁকি জেনেও যাত্রীরা নদী পার হচ্ছেন। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, অতিরিক্ত টোল আদায়, অপ্রাপ্ত ও অদক্ষ চালক দিয়ে ত্রুটিপূর্ণ ছোট ট্রলারে যাত্রী পারাপারসহ খেয়াঘাটকে ঘিরে রয়েছে নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিনীত আবেদন জানাচ্ছি। মো.মিজানুর রহমান টিপু, বামনা, বরগুনা