র্যাব পরিচয়ে গতকাল বুধবার দুপুরে দিনাজপুরের বিরামপুর উপজেলায় প্রাইভেট কারের আরোহী ঠিকাদারসহ ৩জনকে অস্ত্রের মুখে অপহরণ করে ৯ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। পুলিশের ধারণা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয় দিয়ে সন্ত্রাসী চক্র ঘটনাটি ঘটিয়েছে। অপহূত ৩ জনকে উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার দুর্গাপুর নামক স্থানে একটি প্রাইভেট কারকে (ঢাকা মেট্রো-গ-১৪-৮১৬০) একটি মাইক্রোবাস দিয়ে ধাওয়া করে আটক করে। কারের আরোহী ঠিকাদারসহ ৩ জনকে র্যাব পরিচয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়া হয়। ঠিকাদারের কাছে থাকা ৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মাইক্রোবাসের আরোহীরা ওই মহাসড়কেরই দিওড় বাজারে তাদেরকে নামিয়ে পালিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে অপহূত ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছিনতাইয়ের কাজে ব্যবহূত ওই মাইক্রোবাসে সাদা পোশাকধারী কয়েকজন নিজেদেরকে র্যাব পরিচয় দেয়। তাদের কাছে আগ্নেয়াস্ত্র এবং ওয়াকিটকি ছিল। কার তল্লাশি করে অস্ত্রের মুখে ২ জন আরোহী এবং চালককে মাইক্রোবাসে তুলে নেন। এ সময় কারটির দরজা লক করে ওই তিনজনকে মাইক্রোবাসে তুলে ঘটনাস্থল ত্যাগ করে অস্ত্রধারীরা। ঘটনার সময় স্থানীয়দের কাছে ভিড়তে দেয়নি ছিনতাইকারীরা।
