সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদকে দেয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বিচার বিভাগকে দলীয়করণ করার একটি অশুভ প্রচেষ্টা। বিচার বিভাগে যারা বিচারক রয়েছেন, তাদের একটা ভীতির মধ্যে রাখার জন্য এই দলীয় প্রচেষ্টা নেয়া হচ্ছে। এই অশুভ প্রচেষ্টা রুখতে হবে। বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেয়ার প্রস্তাবের বিরুদ্ধে গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ডাকা এক মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে খন্দকার মাহবুব এসব কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, এর বিরুদ্ধে আইনজীবী সমিতির পক্ষ থেকে দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে দেশে আইনের শাসন রক্ষার জন্য আমরা আন্দোলন করতে চাচ্ছি। আন্দোলনটি কিভাবে হবে তা নিয়েই বৈঠকে বসেছিলাম। তিনি বলেন, আরো বৃহত্তর পরিসরে আন্দোলনের পটভূমি তৈরির জন্য জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বসা হবে। আন্দোলনটা সর্বদলীয়ভাবে যেন করা যায় সে লক্ষ্যে আগামী সোমবার পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। এর আগে বার সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় যোগ দেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আলহাজ্ব এবিএম নুরুল ইসলাম, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, এ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক এ্যাডভোকেট সাইদুর রহমান, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, বর্তমান সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, কোষাধ্যক্ষ ব্যারিস্টার মাসুদ আহমেদ সায়ীদ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন বার সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
