বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ইত্তেফাক প্রতিনিধি নিহত

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২৩:২১
বগুড়ার শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ‘দৈনিক ইত্তেফাক’ পাবনার ফরিদপুর প্রতিনিধি নিহত ও জেলা প্রতিনিধিসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ধনকুন্ডি নামক স্থানে পাবনাগামী প্রাইভেটকারের সাথে বগুড়াগামী ‘শাহ ফতেহ আলী’ কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দৈনিক ইত্তেফাকের পাবনা জেলার ফরিদপুর উপজেলা সংবাদদাতা ও ইয়াসিন আলী ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল আবু বকর সিদ্দিক (৪৫) নিহত হন। গুরুতর আহত হন পাবনা জেলা প্রতিনিধি রুমী খন্দকার (৫৫), সাথিয়া সংবাদদাতা উজ্জল হোসেন (৩২), বেড়া সংবাদদাতা অলোক আচার্য্য (৩২) ও চাটমোহর সংবাদদাতা হেলালুর রহমান জুয়েল (৪০)। আহতদের প্রথমে শেরপুর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। ‘দৈনিক ইত্তেফাকে’র উত্তরাঞ্চল সংবাদদাতাদের সম্মেলন বগুড়ায় অনুষ্ঠিত হয়। সেখান থেকে সম্মেলনশেষে তারা পাবনায় ফিরছিলেন। বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডি নামক স্থানে পৌঁছলে তাদের প্রাইভেটকার ঢাকামুখী একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী শাহ ফহেত আলী কোচের মুখোমুখি সংঘর্ষ হলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। পাবনা জেলা সংবাদদাতা রুমী খন্দকার প্রাইভেটকারটি নিজেই চালাচ্ছিলেন। শেরপুর থানার সেকেন্ড অফিসার আবু জাররা জানান, আমরা সংবাদপাবার সাথে সাথে ঘটনাস্থলে্ গিয়ে আহতদের উদ্ধার করে চিকিত্সার জন্য প্রেরণ করি। বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের চিকিত্সায় প্রয়োজনীয় সহায়তার জন্য ছুটে যান। সশরীরে উপস্থিত থেকে তিনি জরুরি রক্ত সংগ্রহ ও অন্যান্য সহায়তার ব্যবস্থা ও তদারক করেন। বুধবার সকালে দৈনিক ইত্তেফাকের বগুড়া ব্যুরো অফিসে পাঁচ জেলার সাংবাদিকদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে রুমী খন্দকারের প্রাইভেটকারযোগে ফেরার পথে পাবনা জেলার সাংবাদিকরা এই দুর্ঘটনার শিকার হন। ঢাকা থেকে ছেড়ে আসা ‘শাহ ফতেহ্ আলী’ পরিবহনের চোকের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান আবু বকর সিদ্দিকি। শেরপুর থানা পুলিশ গুরুতর আহতদের বগুড়া মেডিক্যালে ভর্তি করান। পাবনা ছাড়াও সভায় অংশ নিয়েছিলেন বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটের প্রতিনিধি ও সংবাদদাতারা। বগুড়ায় পুলিশ সদস্যরা প্রয়োজনীয় রক্ত সরবরাহ করেন। দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন হতাহতদের খোঁজ নেন এবং ইত্তেফাক পরিবারের সহায়তার আশ্বাস দিয়েছেন। ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা জানান, সড়ক দুর্ঘটনায় ইত্তেফাকের পাবনার ফরিদপুর উপজেলা সংবাদদাতা ও ফরিদপুর ইয়াছিস ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবু বাকার সিদ্দিক নিহত হওয়ার সংবাদে ফরিদপুরস্থ বাসভবনে নেমে আসে শোকের ছায়া । স্ত্রী ফেরদৌস সিদ্দিকী বার বার মুর্ছা যান। ছোট মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বাণীর বুক ফাটা কন্নায় বাতাস ভারি হয়ে ওঠে। তার মৃত্যুর খবরে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গাজোলা গ্রামের বাড়িতে শোকের মাতম শুরু হয়। লাশ নিতে আত্মীয়-স্বজন ও বগুড়া মেডিক্যাল কলেজে অধ্যয়নরত আবু বাকারের বড় মেয়ে বেনজির সিদ্দিকী শেরপুর থানায় যান। বাগমারা (রাজশাহী) সংবাদদাতা জানান, বাগমারা প্রেসক্লাবের সকল সদস্য সাংবাদিকরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।