ভুঞাপুরে মুক্তিপণ না পেয়ে পাঁচ বছরের শিশুকে হত্যা

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২৩:২৪
মুক্তিপণের টাকা না পেয়ে ভুঞাপুরে পাঁচ বছর বয়সের এক শিশুকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জনির বাড়ি উপজেলার পৌর এলাকার পূর্ব ভুঞাপুর গ্রামে। ভুঞাপুর থানার এক ওসি জানান, পূর্ব ভুঞাপুর গ্রামের সাবেক সেনা সদস্য হারুন অর রশিদের ছেলে জনি গত সোমবার নিখোঁজ হয়। এরপর তার মোবাইল ফোনে অপহরণকারীরা জানায়, ছেলেকে জীবিত পেতে চাইলে ৫ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। গতকাল হারুনের বাড়ির ভাড়াটিয়ার সেপটি ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ বের হয়। পরে সেখান থেকে জনির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হারুনের বাসার ঐ ভাড়াটেসহ চারজনকে পুলিশ আটক করেছে।