গিনেজের পাতায় হাতে গোনা যে কয়টি রেকর্ড প্রায়ই হাতবদল হয় তাহলো বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী ও পুরুষ হিসেবে স্বীকৃতি পাবার রেকর্ডটি। আর রেকর্ডের এই হাতবদলের ধারাবাহিকতাতেই সম্প্রতি যিনি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী পুরুষ হিসেবে গিনেজের পাতায় ঠাঁই পেয়েছেন তিনি হলেন জাপানের প্রবীণ নাগরিক সাকারি মোমোই। রেকর্ডের স্মারক তার হাতে তুলে দেওয়ার দিনটিতে সাকারির বয়স ছিল ১১১ বছর ১৯৬ দিন। জাপানের ফুকুশিমার সোমা শহরে ১৯০৩ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম হয়েছিল তার। মূলত গেল ৮ জুন আমেরিকার নিউইয়র্কের বাসিন্দা আলেক্সান্ডার ইমিচের (১১১ বছর ১২৪ দিন) মৃত্যুর পরই বেঁচে থাকা মানুষদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী পুরুষ হবার সুযোগ আসে সাকারির হাতে যেটা এর আগে খুব সামান্য ব্যবধানেই দখল করে রেখেছিলেন ইমিচ।
