ডিএসইতে তিন খাতের কোম্পানি ঘিরে ৪১ ভাগ লেনদেন

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২০:২৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেন ও সূচক কমেছে। তবে গতকালও লেনদেন হয়েছে ছয়শ’ কোটি টাকার বেশি। লেনদেনে শীর্ষ অবদান জ্বালানি খাতের। এ খাতে লেনদেন হয়েছে ৯৫ কোটি টাকা। এছাড়া ওষুধ ও ইঞ্জিনিয়ারিং খাত মিলে ডিএসইতে লেনদেন হয়েছে ২৬০ কোটি টাকা। যা ডিএসই’র মোট লেনদেনের প্রায় ৪২ ভাগ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৭২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৩২ কোটি ১৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৯ কোটি ৮৭ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৮ কোটি ৬৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭০ লাখ টাকা কম। লেনদেনকৃত ২২৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৬টির কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের। ডিএসইসূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টীল এবং বেক্সিমকোর দর বাড়ার কারণ নেই বলে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে। এর আগে দুই কোম্পানিকে দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসইর পক্ষ থেকে চিঠি দেয়া হয়। এর প্রেক্ষিতে কোম্পানি দুটি ডিএসইকে এ তথ্য জানায়। এদিকে বিশ্লেষণে দেখা যায়, গত ১৮ কার্যদিবসে বিএসআরএম স্টীল মিলসের দর বেড়েছে ৮০ টাকা থেকে ৯৮ টাকা পর্যন্ত। অর্থাত্ এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ২৩ শতাংশ বা ১৮ টাকা। আর বেক্সিমকোর শেয়ারের দর গত ১৮ কার্যদিবসে বেড়েছে ৮ শতাংশ। তবে বাজারে কোম্পানিটির লেনদেন হচ্ছে অনেক বেশি। ডিএসই আরও জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের প্রথমে অনুমোদিত নতুন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর আবেদনের চাঁদা গ্রহণ শুরু হবে পাইলট প্রজেক্টের মাধ্যমে। পাইলট প্রজেক্টে ডিএসই’র ৬৬টি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ৩৬টি ব্রোকার হাউজ ও ১৬টি মার্চেন্ট ব্যাংক অংশগ্রহণ করবে।