কার্পেটিং উঠে বড় বড় গর্ত যান চলাচল ব্যাহত

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২১:২০
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রতিদিন দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার ছোট বড় হাজার হাজার যানবাহন চলাচল করে। কয়েকদিনের টানা বৃষ্টিতে পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালীসহ বিভিন্ন উপজেলার সড়কগুলোতে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাছাড়া ধীরে-ধীরে গাড়ি চলাচল করায় যানজট দেখা দিচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন বাস যাত্রীরা। গত ঈদ-উল ফিতরের আগে আগে সড়ক ও জনপথ বিভাগ কংক্রিট ও ইট পাথর দিয়ে সংস্কার কাজ করলেও কয়েক দিনের ব্যবধানে নষ্ট হয়ে আবার সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রায় ১৫০ কিলোমিটার সড়কে ঈদের আগে সংস্কারের নামে সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও কোন উপকারে আসেনি বলে যাত্রীরা অভিযোগ করেন। জেলা বাস-কোস্টার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মিয়া জানান, সড়কের এই বেহাল দশার কারণে যান চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গাড়ির যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ছে। ১ ঘণ্টার পথ যেতে ৩/৪ ঘণ্টা সময় লাগছে। সড়ক ও জনপথ বিভাগের পটিয়া উপবিভাগীয় প্রকৌশলী মোছলেহ উদ্দিন জানান, গত ঈদে কর্মকর্তাদের ছুটি বাতিল করে সড়ক বিভাগের কাজ করা হয়েছে। সম্প্রতি টানা বর্ষণের কারণে সড়কগুলোর কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে বৃষ্টির কারণে মেরামতের কাজ শুরু করা যাচ্ছে না। বৃষ্টি কমলে অতিদ্রুত কাজ শুরু করা হবে। এ ব্যাপারে চট্টগ্রাম বাস মালিক সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, মহাসড়কে বেহাল অবস্থা সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে ব্যয়ের পরিমাণ বাড়ছে। বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। পরিবহন শ্রমিকরা মহাসড়কের সংস্কার কাজ করার দাবি জানিয়েছেন। দ্রুত মহাসড়কে সংস্কার কাজ শুরু না হলে পরিবহন শ্রমিক ও মালিক কর্মসূচি ঘোষণা করবে।