গবেষণা রিপোর্ট
প্রতিবছর বিশ্বে ৫০ লাখের বেশি মানুষ দুর্ঘটনায় মারা যায়। এর মধ্যে দক্ষিণ এশিয়ায় জরুরি প্রাথমিক চিকিত্সা সেবার অভাবে জখমজনিত শারীরিক রোগে (ট্রমা) মৃত্যুর হার বেশি। বাংলাদেশেও সড়ক ও কর্মস্থলে দুর্ঘটনায় ট্রমায় আক্রান্ত হওয়ার হারও অনেক। এই হার কমাতে হাসপাতালে চিকিত্সার আগে জরুরিভাবে প্রাথমিক সেবা প্রদান করতে হবে। স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের মাধ্যমে একটি নেটওয়ার্কের মতো করে শহরে এই জরুরি প্রাথমিক চিকিত্সা সেবার ব্যবস্থা করা যেতে পারে। আর কর্মস্থলে দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিত্সার জন্য মালিকেরা বিশেষ চিকিত্সা দল তৈরি করতে পারে। বৃহস্পতিবার রাজধানীর আমেরিকান সেন্টারে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশে মার্কিন ফুলব্রাইট শিক্ষার্থীদের উপস্থাপিত গবেষণায় এ কথা বলা হয়।
বাংলাদেশে ট্রমা সমস্যা ও সমাধানের বিষয়ে গবেষণাটি উপস্থাপন করেন লুইজিয়ানার তুলেন স্কুল অব মেডিসিনের এম. ডি. ক্যান্ডিডেট জেনিফার ফারেল। বাংলাদেশে ডেঙ্গু সমস্যা ও চিকিত্সা বিষয়ে গবেষণা উপস্থাপন করেন ম্যাসাচুসেটসের স্মিথ কলেজের শিক্ষার্থী লুবানা চৌধুরী, বাংলাদেশে বার্মার অভিবাসীদের বসবাসের বিষয়ে করা গবেষণা উপস্থাপন করেন নিউইয়র্কের বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এন্ডার্স বিয়র্নবার্গ এবং শিশু জন্মদানের পর নতুন মায়েদের স্নায়ুবিক চাপ বিষয়ে করা গবেষণা উপস্থাপন করেন নিউইয়র্কের রোচেস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এনাইস উইলিয়ামস। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকান সেন্টারের পরিচালক মেরি এলিজাবেথ থর্নহিল। এই চার শিক্ষার্থী গত নয় মাস ধরে এই গবেষণার কাজ করেছেন।
ডেঙ্গু সংক্রান্ত গবেষণায় বলা হয়, বর্ষাকালে বন্যার কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে। যথাসময়ে চিকিত্সা না হলে রোগীর মৃত্যুপর্যন্ত ঘটে। এক্ষেত্রে বিদ্যমান সেরোলজিক্যাল টেস্টের বদলে কম খরচের মাল্টি-প্যারালাল ডিএনএ টেস্ট ব্যবস্থার উন্নয়ন ও বাস্তবায়ন অনেক বেশি কার্যকর হতে পারে।
বাংলাদেশে বার্মিজ অভিবাসীদের বসবাসের বিষয়ে করা গবেষণায় বলা হয়, মিয়ানমারের আরাকান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনরা কক্সবাজার জেলায় প্রায় দুইশো বছর আগে এসেছিলো। কিন্তু এখনো তারা বাংলাদেশের সঙ্গে একীভূত হওয়ার চেষ্টা করে যাচ্ছে।
