গাজায় কবরস্থানে ইসরাইলি হামলা, ৪ ফিলিস্তিনি নিহত

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২২:৫২
আন্তর্জাতিক নিন্দা ও বিক্ষোভ সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলা চলছেই। গতকাল বৃহস্পতিবার গাজা সিটির একটি কবরস্থানে ইসরাইলি বিমান হামলায় ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। হাসপাতাল সূত্র জানায়, এরা একটি জানাজায় অংশ নিচ্ছিলেন। জরুরি সেবা বিভাগের মুখপাত্র আশরাফি আল-কুদরা বলেন, গাজা সিটির উত্তরাঞ্চলে শেখ বাদওয়ান এলাকার একটি কবরস্থানে এ বিমান হামলা চালানো হয়। তবে তিনি এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। এদিকে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, রকেট হামলার চূড়ান্ত প্রস্তুতি নেয়ার সময় ইসলামিক জিহাদের ছয় যোদ্ধাকে আঘাত করা হয়েছে। দু’টি ঘটনা পরস্পর সম্পর্কিত কিনা তা তাত্ক্ষনিকভাবে পরিস্কার হওয়া যায়নি। খবর এএফপির। অন্যদিকে, হামাসের সশস্ত্র শাখা গতকাল জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফায় ভোরে ইসরাইলি বিমান হামলায় তাদের তিনজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। তবে হাসপাতাল সূত্র এ হামলায় আটজন নিহত হওয়ার কথা জানিয়েছে। হামাসের সশস্ত্র শাখা ইজেদিন আল-কাশেম ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়, নিহত কমান্ডাররা হচ্ছেন মোহাম্মাদ আবু শামালা, রায়েদ আল-আতার ও মোহাম্মাদ বারহাম। ফিলিস্তিনের জরুরী সার্ভিসের প্রধান আশরাফ আল-কুদ্রা জানান, ওই বিমান হামলায় আটজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপর্যুপরি বিমান হামলায় চারতলা একটি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়।