ব্রিটিশ ‘জিহাদীদের’ পাসপোর্ট বাজেয়াপ্তের ঘোষণা ক্যামেরনের

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২২:৫৩
সিরিয়া এবং ইরাকে কথিত জিহাদে অংশ নেয়া যুক্তরাজ্যের নাগরিকদের পাসপোর্ট বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মার্কিন সাংবাদিক জেমস ফলিকে শিরশ্ছেদকারী ব্যক্তি একজন ব্রিটিশ নাগরিক- এমনটি নিশ্চিত হওয়ার পর ক্যামেরন এ ঘোষণা দিলেন। ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের ভাষা বিশেষজ্ঞরা ভিডিও চিত্রে দেখানো শিরশ্ছেদকারীর ইংরেজি বলার ধরন থেকে নিশ্চিত হয়েছে যে, শিরশ্ছেদকারী ব্রিটেনে বসবাস করতেন। ‘এ ম্যাসেজ টু আমেরিকা’ শিরোনামে গত মঙ্গলবার আইএস (আগে আইসিস নামে পরিচিত ছিল) এর প্রকাশিত ভিডিওটির সত্যতা নিশ্চিত হওয়া মাত্র ডেভিড ক্যামেরন তার অবকাশ যাপন বাতিল করে কর্নওয়াল থেকে লন্ডনে ফিরে আসেন। ব্রিটিশ জিহাদীদের সম্পর্কে করণীয় ঠিক করতে বুধবার তিনি হোম অফিস এবং পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন। ইসলামিক উগ্রপন্থার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ক্যামেরন বলেন, যারা সন্ত্রাস, মানুষ হত্যা এবং সংঘর্ষে জড়াচ্ছে তাদের ব্রিটিশ পাসপোর্ট কেড়ে নেয়া হবে। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্রিটেনে কঠোর আইন বিদ্যমান রয়েছে, তা সত্ত্বেও আমরা এ বিষয়ে যে কোন নতুন পদক্ষেপের জন্য প্রস্তুত। এদিকে শিরশ্ছেদকারী ব্রিটিশ জিহাদীর পরিচয় নিশ্চিত করতে জোর তত্পরতা শুরু করেছে ব্রিটিশ গোয়েন্দারা। ব্রিটেনের মুসলিম কমিউনিটির নেতারাও উগ্রপন্থিদের খুঁজে বের করতে পুলিশের সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। রামাদ্বান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ শফিকের বরাত দিয়ে ইংরেজি দৈনিক মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে বসবাসরত উগ্রপন্থি এবং যারা সিরিয়া কিংবা ইরাক থেকে ফিরে আসবে তাদের ধরিয়ে দিতে রামাদ্বান ফাউন্ডেশন কাজ করবে। শফিক বলেন, মুসলিম হিসেবে আমরা যে কোন সন্ত্রাসী কর্মের বিরুদ্ধে। আইএস এর কর্মকাণ্ড ইসলাম বিরোধী দাবি করে তিনি বলেন, যারা আইএসকে সমর্থন করে আমরা তাদেরও তীব্র নিন্দা জানাই। রোকেয়া খান নামে এক নারী যার ২০ বছর বয়সী ছেলে ‘আইএস’ এর হয়ে যুদ্ধ করছে বলে ধারণা করা হচ্ছে, তিনি বলেন, ‘আইএস’ যা করছে তা ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা। নিজের ছেলে ফিরে এলে তিনি তাকে পুলিশে ধরিয়ে দেবেন বলে জানান। ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যানুযায়ী, ৫ থেকে ৭ শ’ ব্রিটিশ নাগরিক সিরিয়া এবং ইরাকে সরকারবিরোধীদের পক্ষে লড়াই করছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণও রয়েছে। ইতিমধ্যে ইফতেখার জামান, রুহুল আমিন এবং হামিদুর নামে তিন বাঙালি তরুণ সিরিয়ায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মাসুদ চৌধুরী নামে আরেকজন সিরিয়া থেকে ফেরার পথে গ্রেফতার হয়ে বর্তমানে ব্রিটেনের কারাগারে আটক রয়েছে।