যে রাশিয়া পৃথিবীর বাইরে প্রথম কোনো মানুষ পাঠিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল তারাই এবার চমত্কার এক ঘোষণা দিয়েছে। তারা বলেছে, এবার তারা মহাশূন্যে বানাবে বিশাল এক হোটেল। এর নাম দেওয়া হয়েছে দ্য কমার্শিয়াল স্পেস স্টেশন। মহাকাশ ভ্রমণ করতে মুখিয়ে আছে এমন পর্যটকদের জন্যই এ ব্যবস্থা। ওই হোটেলটি পর্যটকদের নিয়ে পৃথিবী থেকে ২১৭ মাইল ওপর দিয়ে পৃথিবীকে পরিভ্রমণ করবে। এজন্য তারা যে নভোযান আকৃতির হোটেল বানানোর পরিকল্পনা করেছে তাতে এক সঙ্গে যেতে পারবেন ৭ জন পর্যটক। এতে আছে চারটি কেবিন। আছে বিশাল ২১৭ মাইল ওপর থেকে পৃথিবীকে দেখতে কেমন দেখায় তা অবলোকনের জন্য বিশাল জানালা। মহাকাশে এ হোটেল তৈরির পরিকল্পনা করেছে রাশিয়ান কোম্পানি অরবিটাল টেকনোলজিস। এটি চালু হবে ২০১৬ সাল নাগাদ। নভোচারীরা যেভাবে সয়ুজ নভোযানে করে যেতে পারেন সেভাবেই মহাকাশ ভ্রমণবিলাসীরাও এই হোটেলে পৌঁছাবেন। অরবিটাল টোকনোলজিসের কর্মকর্তা সের্গেই কস্টেনকো জানিয়েছেন, মহাশূন্যেই বানানো এ হোটেলে থাকার ব্যবস্থা হবে খুবই আরামদায়ক। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেসব সুবিধা রয়েছে তার চেয়েও বেশি সুবিধা থাকবে ‘দ্য কমার্শিয়াল স্পেস স্টেশন’ নামের এ হোটেলটিতে। তবে, একটি বিষয়ে আগেভাগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা হচ্ছে অ্যালকোহল পান করা যাবে না এ হোটেলে। এ হোটেলে পাঁচদিন কাটাতে খরচ পড়বে সাড়ে ৩ লাখ পাউন্ডের মতো।
