গাজায় ইসরাইলি অভিযানে ৪৬৯ শিশু মারা গেছে

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২২:৪৬
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৮ জুলাই থেকে চলা ইসরাইলি হামলায় ৪৬৯ জন শিশু নিহত হয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের জ্যেষ্ঠ কর্মকর্তা পার্নলিনি আয়রনসাইড এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খবর দ্য হিন্দুর। ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলের ইউনিসেফের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের গাজা অঞ্চলের প্রধান আয়রনসাইড জানান, ইসরাইলি হামলায় পরিস্থিতি খুবই ভয়াবহ। বিশেষ করে হামলার জন্য গাজার ১৮ বছরের কম বয়সী ১০ লাখ বাসিন্দা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে নতুন করে আবার যুদ্ধ শুরু হওয়ার দুদিন পর তিনি বলেন, হামলার ফলে পরিস্থিতি অত্যন্ত মারাত্মক আকার ধারণ করেছে এবং এর প্রভাব শিশুদের ওপর গিয়ে পড়ছে। তিনি বলেন, গত ৪৮ ঘন্টায় নিহত হয়েছে ৯ শিশু। এগুলো ধরেই বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা ৪৬৯ জনে পৌঁছেছে। হামাস ও ইসরাইলের মধ্যে ৫ দিন যুদ্ধবিরতি চলার পর আবার যুদ্ধবিরতির চেষ্টা ভেস্তে যায়। এরপর ইসরাইল ফের গাজায় হামলা চালায়। আয়রনসাইড বলেন, গাজার অবকাঠামো ধ্বংস, আঘাত এবং শারীরিকভাবে আহত হওয়া মানসিকভাবে শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শিশুদের জন্য নিরপাপত্তাবোধ তৈরি করা জরুরি বলেও জানান ইউনিসেফের এই জ্যেষ্ঠ কর্মকর্তা।