সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) কে এম সফিউল্লাহ, বীর উত্তম বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার দায়ভার আমি এড়াতে পারি না। কারণ যারা তাঁকে হত্যা করেছে তারা আমার অধিনস্থ ছিল। তবে আমি চেষ্টা করেও তাঁকে রক্ষা করতে পারিনি। গতকাল শাহবাগ জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘জাতীয় শোক দিবস-১৫ আগস্ট’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘স্বাধীনতার চার দশকে আমাদের প্রত্যাশিত প্রাপ্তি-অমার্জনীয় ব্যর্থতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ ঢাকা বিভাগ।
কে এম সফিউল্লাহ বলেন, আমি প্রত্যক্ষদর্শী হিসেবে বলতে পারি জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কে এম সফিউল্লাহ আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যাদের অবদান, তাদের এক নম্বর খন্দকার মোশতাক ও দ্বিতীয় জিয়াউর রহমান।
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান কর্নেল আবু ওসমান চৌধুরী বলেন, স্বাধীনদেশে আমাদের অনেক অর্জন রয়েছে; কিন্তু এরপরও আমরা বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়তে পারিনি। কারণ সরকারের প্রতিটি স্তরে জামায়াত ঢুকে পড়েছে।
বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বলেন, ১৯৭২ সাল থেকে ’৭৫-এর মধ্যে যারা দেশকে অস্থির করে তুলেছে তাদের বিচার করতে হবে। দেশে এখন সরকার বদল হলেই মুক্তিযুদ্ধের তালিকাও বদল হয়। সরকার যেন একটি সংশোধনী মুক্তিযোদ্ধাদের তালিকা দিয়ে যায়। যাতে করে নতুন প্রজন্ম বিভ্রান্তিতে না পড়ে।
আয়োজক সংগঠনের ঢাকা বিভাগীয় নির্বাহী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটওয়ারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন— সংগঠনের সহ-সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ, মুক্তিযোদ্ধা নুরুল আলম, অধ্যাপক জাহাঙ্গীর আলম, খোন্দকার মোজাম্মেল হক, ব্যারিস্টার সোহরাব হোসেন খান চৌধুরী প্রমুখ।
