খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের মত ২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িতদেরও বিচার এবং দণ্ড কার্যকর করা হবে। খুনিরা বিচারের হাত থেকে রেহাই পাবে না। শনিবার সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, খালেদা জিয়ার ইঙ্গিতে তারেক জিয়া মুফতি হান্নানসহ পাকিস্তান ও কাশ্মিরের জঙ্গিদের নিয়ে হাওয়া ভবনে বৈঠক করে সুপরিকল্পিতভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। তারেকের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে কারাগারে আটক শীর্ষ জঙ্গি মুফতি হান্নান ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই স্বীকারোক্তি প্রদান করেন বলে তিনি জানান।
সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, অধ্যক্ষ নুরুন্নাহার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ খোকন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর প্রমুখ।
