গণধোলাইয়ে হত্যা মামলার আসামি ইউপি মেম্বর নিহত

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২১:৩৫
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চক ভগবানপুর গ্রামে রানা মোল্লা হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য ইউসুফ মণ্ডল (৫০) শনিবার গণধোলাইয়ে নিহত হয়েছেন। ইউসুফ ইদিলপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য। পুলিশ ও এলাকাবাসী জানান, রানা মোল্লাকে প্রায় এক বছর আগে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করেন ইউসুফ ও তার লোকজন। এ হত্যার ঘটনায় রানা মোল্লার ছোট ভাই মিঠু মোল্লা বাদী হয়ে ইউসুফকে প্রধান আসামি করে ৩১ জনের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা করেন। প্রায় এক বছর পর জেল হাজত থেকে সম্প্রতি ইউসুফ জামিনে এসে বাদী ও পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এ নিয়ে কয়েকদিন ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মামলার বাদী মিঠু মোল্লা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় ইউসুফ মণ্ডল তাদের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে ওই হত্যা মামলা প্রত্যাহার করে নিতে বলেন। তা না হলে পরিবারের সকলকে হত্যা করবেন বলে হুমকি দেন। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে তাকে আটক করে গণধোলাই দেয়। সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ইউসুফকে উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে পুলিশ ব্যর্থ হয়ে চলে আসে। পরে রাত ১২টায় র্যাব-১৩ এর সদস্য ও গাইবান্ধা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে চিকিত্সাধীন অবস্থায় রাত ২টায় সে মারা যায়। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ বা মামলা হয়নি।