পোশাকশিল্পে বাংলাদেশ হতে পারে এক নম্বর ব্র্যান্ড

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২২:২৮
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, তৈরি পোশাক রফতানি খাতে বাংলাদেশ হবে পৃথিবীর এক নম্বর দেশ। পোশাক রফতানি খাতে বাংলাদেশ অনেক দূর অগ্রসর হয়েছে। পোশাকশিল্পে বাংলাদেশ হতে পারে বিশ্বের এক নম্বর ব্র্যান্ড। তিনি গতকাল শনিবার দুপুরে গাজীপুরের ধলাদিয়ায় ‘ডার্ড কম্পোজিট’ কারখানা পরিদর্শনশেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। রাষ্ট্রদূত বলেন, আমার বিশ্বাস মালয়েশিয়ার পর বাংলাদেশ হবে অর্থনৈতিক সমৃদ্ধিশালী রাষ্ট্র। ভবিষ্যতে বাংলাদেশ হবে এশিয়ান টাইগার। বিশ্বে বাংলাদেশ হবে সর্ববৃহত্ পোশাক রফতানিকারক দেশ। মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা গত বছর জুনে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করেছেন। কারণ এটি ছিল দীর্ঘদিন আগের সিদ্ধান্তের ধারাবাহিকতা। বাংলাদেশকে জিএসপি সুবিধার জন্য কিছু শর্তপূরণ করার কথা ছিল। কিন্তু সে সকল শর্ত বাংলাদেশ পূরণ করতে পারেনি। জিএসপি সুবিধা ফিরে পাওয়ার জন্য বাংলাদেশকে কর্মপরিকল্পনা প্রদান করা হয়েছে। কীভাবে এ খাতকে রূপান্তরিত করা যায়। এ জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা কাজ করছি। কারখানার অগ্নি নিরাপত্তা, অবকাঠামোর উন্নয়ন ও শ্রমিকদের একত্রিত হওয়ার প্রতি সম্মান দেখাতে হবে। বাংলাদেশের পোশাকশিল্পের উন্নয়নকল্পে আমি সবকিছু করবো। তার সঙ্গে ছিলেন ইউএসএআইডি মিশনের পরিচালক জেনিনা জেরোজিলস্কি, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইতেমাদ-উদ-দৌলা, এমডি নাবিল-উদ-দৌলা, সিইও হুমায়ূন কবীর সেলিম, ইডি, অপারেশন মোস্তফা হাসান, ইডিএইচ আর আক্তারুজ্জামান প্রমুখ।