‘বিজনেস রেজিস্টার’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে পরিসংখ্যান ব্যুরো

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২০:৪৮
দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ চিত্র একনজরে পাওয়ার জন্য ‘বিজনেস রেজিস্টার’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এ রেজিস্টারটি দেশের সকল প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ইউনিট এর গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীভূত তথ্যভাণ্ডার হিসাবে কাজ করবে। এ উপলক্ষে গতকাল পরিসংখ্যান ভবনে একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমান ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. বাইতুল আমীন ভূঁইয়া। সেমিনারে মূল বিষয়টি উপস্থাপন করেন প্রকল্প পরিচালক দিলদার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বিজনেস রেজিস্টারের মাধ্যমে দেশের সকল ব্যবসায় প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ চিত্র এক নজরে পাওয়া যাবে। শিল্পগত শ্রেণিবিন্যাস, রাজস্ব, নিয়োজিত জনবলের সংখ্যা এবং মোট সম্পদের পরিমাণ সম্বলিত উপাদানের স্তরবিন্যাস এবং প্রতিবেদনের সমন্বিত গুণগত কাঠামো তৈরিতে বিজনেস রেজিস্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি দেশের অর্থনৈতিক পরিসংখ্যান কর্মসূচির প্রধান কাঠামো হিসাবে কাজ করবে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমান বলেন, অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের অবস্থান, কার্যক্রমের ধরন, নিয়োজিত জনবল, পণ্য ও সেবার ধরনসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ছাড়াও মানসম্পন্ন বিজনেস রেজিস্টার হতে পারে একটি খাতভিত্তিক বিভিন্ন জরিপ কার্যক্রমের স্যাম্পলিং ফ্রেম।