অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, এদেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার মাটি থেকে পাকিস্তানীদের বিতাড়িত করে দেশ স্বাধীন করেছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সোনার বাংলা গড়তে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি।
গত শনিবার লৌহজং উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-এর লৌহজং উপজেলা কমান্ড আয়োজিত উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সম্মাননা পদক প্রদান এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণসহ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুন্সিগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এমিলি উপরোক্ত কথা বলেন। লৌহজং উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুব-উল-আলম বাহার সভায় সভাপতিত্ব করেন।
সাগুফতা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারই মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতাসহ বিভিন্ন সম্মান প্রদান করে আসছেন। অনুষ্ঠানে চার শতাধিক বীর মুক্তিযোদ্ধার মধ্যে সাগুফতা ইয়াসমিন এমিলি পদক বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা এডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন, লৌহজং উপজেলা চেয়ারম্যান মো: ওসমান গনি তালুকদার। আরো বক্তব্য রাখেন শাহজাহান মিয়া, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুর রশিদ শিকদার, লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন আক্তার স্বর্ণা ও মুন্সিগঞ্জ জেলা ইউনিট কমান্ডের নির্বাহী সদস্য এস এম ইসহাক প্রমুখ।
