শিবগঞ্জ ও পুঠিয়ায় ২জন খুন

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২১:২৮
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ও রাজশাহীর পুঠিয়ায় পৃথক ঘটনায় দুইজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। শিবগঞ্জে পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গতকাল রবিবার ভোরে স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে সালাম (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। উপজেলার সদাশিবপুর দক্ষিণ টিকস গ্রামের মোহা. আ. সালামের স্ত্রী শাহানা বেগম (৩৫) একই গ্রামের মোহা. আলতাফের (৩৫) সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। ঘটনার দিন ভোরে অবৈধ কাজে লিপ্ত থাকার সময় আ. সালাম তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় আলতাফ তাকে আঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পথে সালামের মৃত্যু হয়। পুঠিয়ায় শিশুর লাশ উদ্ধার রাজশাহীর পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রাম থেকে গত শনিবার রাতে সিয়াম (৭) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে গতকাল রবিবার দুপুরে পুলিশ প্রতিবেশী লুত্ফর রহমানের ছেলে জনিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, বুধবার দুপুরে নার্সারীর ছাত্র সিয়াম বাবার সাথে পাশের গ্রামে দাওয়াত খেয়ে বাড়ি ফিরে। পরে খেলার কথা বলে বের হয়ে আর ফেরেনি। পরে নিখোঁজের বিষয়টি মাইকে প্রচার করে থানায় জিডি করা হয়। শনিবার সন্ধ্যায় দুর্গন্ধ অনুসরণ করে প্রতিবেশীরা আখ ক্ষেতে প্রবেশ করে লাশের সন্ধান পায়।