শিল্পকলা একাডেমি আয়োজিত সাহিত্য-নির্ভর নাটকের আট দিনব্যাপী নাট্য আয়োজনের দ্বিতীয় দিন রবিবার সন্ধ্যায় একাডেমির চারটি মিলনায়তনে দুটি করে আটটি নাটক মঞ্চায়ন হয়েছে। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় ফেনী নাট্যদলের নাটক ‘বিধ্বস্ত অমরাবতী’, ও ঝালকাঠি নাট্যদলের নাটক ‘পুণ্যাচরিতা বামা সুন্দরী’। পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি নাট্যদলের নাটক ‘কবি’ ও শেরপুর নাট্যদলের নাটক ‘মহুয়া’। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মঞ্চায়ন হয় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি নাট্যদলের নাটক ‘পাল তুলে দাও’ এবং নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির নাটক ‘সৌদামিনী মালো’। স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি নাট্যদলের নাটক ‘স্বপ্নবিলাস’ এবং নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির নাট্যদলের নাটক ‘সতী’। আজ সোমবার উত্সবের তৃতীয়দিন সন্ধ্যায় মঞ্চায়ন হবে টাঙ্গাইল, ভোলা, কিশোরগঞ্জ, নরসিংদী, জয়পুরহাট, খাগড়াছড়ি, রাজশাহী ও বান্দরবান জেলা শিল্পকলা একাডেমি নাট্যদলের নাটক।
সারাদেশের ৬৪জেলার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত ৬৪টি নাটক নিয়ে গত ২৩ আগস্ট শিল্পকলা একাডেমিতে শুরু হয় সাহিত্য-নির্ভর আট দিনব্যাপী নাট্য আয়োজন।
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে
কোনালের একক সঙ্গীত সন্ধ্যা
ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)-এর আমন্ত্রণে গত শনিবার গান গাইলেন এ সময়কার জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। তিনি তার একক সন্ধ্যাটি সাজিয়েছেন তার নিজের একক অ্যালবাম ‘জাদু’ থেকে বেশ কয়েকটি গান ছাড়াও বরেণ্য শিল্পী ও ব্যক্তিত্বের লেখা গান দিয়ে।
কোনাল এই অনুষ্ঠানের শুরুতেই ‘আমার মুক্তির আলোয় আলোয়’ শীর্ষক রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। এর পর তিনি গাইলেন ডিএল রায়ের গান ‘বেলা বয়ে যায়’। এর পর গাইলেন নজরুল গীতি ‘অঞ্জলি লহ মোর’। চ্যানেল আই সেরা কণ্ঠের তারকা শিল্পী এর পর গাইলেন নিজের প্রথম অ্যালবাম ‘জাদু’ থেকে একটি গান ‘পুরব দেশের পুর নারী’। পর পর আরও দুইটি গান ‘বাংলাদেশ’ ও ‘ছায়ার মাঝে’। পরের পরিবেশনাটি ছিল লোকসঙ্গীত ‘ও কি ও বন্ধু’। তারপর গাইলেন পাশের দেশ ভারতীয় শিল্পী শ্রেয়া ঘোষালের গাওয়া একটি গান ‘রূপকথা’। তার পরে পরিবেশনায় ছিল লতা মুঙ্গেশকর, আশা ভোসলে, শাহনাজ রহমতুল্লাহ, রুদ্র মুহম্মাদ শহীদুল্লাহর গান। ছিল বিশ্বকাপ ফুটবলের থিম সং। শিল্পী কোনাল তার পৌনে দুই ঘণ্টাব্যাপী এই আয়োজনের শেষ টানেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের গাওয়া গান ‘সুন্দর সুবর্ণ’ পরিবেশনের মধ্যদিয়ে।
উত্তরায়ণের প্রতিষ্ঠাবার্ষিকীর নিবেদন
‘সেলুলয়েডে রবীন্দ্রনাথ’
ত্রিশের দশক থেকে চলচ্চিত্রে ব্যবহূত রবীন্দ্র সংগীত নিয়ে উত্তরায়ণ নিবেদন করলো গীতি আলেখ্য ‘সেলুলয়েডে রবীন্দ্রনাথ’। গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উত্তরায়ণ-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস এনডিসি, শিল্পী হাসেম খান প্রমুখ ব্যক্তিবর্গ।
