মত্স্য চাষিদের সংবাদ সম্মেলন
উপজেলা মত্স্য অফিসের বিরুদ্ধে সরকারি নির্দেশ উপেক্ষা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত মত্স্য চাষিরা। বটিয়াঘাটা প্রেস ক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুখদাড়া গ্রামের অসিত কুমার রায় বলেন, ৩০ নং পোল্ডারে পানি উন্নয়ন বোর্ডের ২১৯/৬৯, ৭০ এল এ কেস-এর ৬৬৩, ৬৬৪ সহ কয়েকটি দাগে এফসিডিআই প্রকল্প হিসাবে নবায়ন পাওয়ার জন্য উপজেলা মত্স্য অফিসে আবেদন করা হয়। এর আগে তারা সচিবালয়ে আবেদন করলে তাদের পক্ষেই নবায়নের সুপারিশ করা হয়। জেলা মত্স্য কর্মকর্তাও প্রকল্পটি তাদের অনুকূলে নবায়নের অনুমতি দেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার সুপারিশও তাদের পক্ষে।
কিন্তু উপজেলা মত্স্য অফিস সরকারি সব সুপারিশ অগ্রাহ্য করে প্রকল্প ভাগ করে আরেকটি পক্ষকে মৌখিকভাবে দখলের অনুমতি দেয়।
অভিযোগের ব্যাপারে জানতে উপজেলা মত্স্য অফিসার মশিউর রহমানের কাছে ফোন করলে তিনি ফোন ধরেননি। জেলা মত্স্য অফিসার প্রফুল্ল কুমার এ ব্যাপারে ইত্তেফাককে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে। অন্যদিকে অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মত্স্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ইত্তেফাককে বলেন, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
