টিসিবি কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:৫০
প্রায় পৌনে ৩ কোটি টাকা আত্মসাতের দায়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের উপ-সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে এ চার্জশিট দাখিল করেছেন। চার্জশিটে যাদের আসামি করা হয়েছে তারা হলেন টিসিবি তেজগাঁও আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী (বর্তমানে সাময়িক বরখাস্ত) মো. হুমায়ুন কবির, টিসিবি প্রধান কার্যালয়ের সাবেক সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (বর্তমানে টিসিবি আঞ্চলিক কার্যালয় খুলনার সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর) মোহাম্মদ আলী ও মেসার্স মাইনুল হক ট্রেডার্সের মালিক মাইনুল হক। উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল (ডিএমপি) থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। দুদক সূত্র জানায়, ২০১১ সালের জুলাই থেকে ডিসেম্বর এবং ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টিসিবির প্রধান কার্যালয়ের নির্দেশ অনুসারে ঢাকা থেকে মোট দুই হাজার ৩৬৪টি ডিও ইস্যু করা হয়। ওই ডিওগুলোর মধ্যে দুই হাজার ২৫৭টি ডিওর বিপরীতে সোনালী ব্যাংকের কাওরান বাজার শাখা, ন্যাশনাল ব্যাংকের কাওরান বাজার শাখা ও পূবালী ব্যাংকের তেজগাঁও শাখায় টাকা জমা হয়েছে। অবশিষ্ট ১০৭টি ডিওর বিপরীতে টিসিবির প্রধান কার্যালয়ের নির্ধারিত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের কাওরান বাজার শাখায় পে-অর্ডার, ডিডি অথবা নগদ টাকা জমা করা হয়নি। অথচ আসামিরা পরস্পর যোগসাজশে জাল ডিডি জমা দেখিয়ে টিসিবির গুদাম থেকে মালামাল উত্তোলন করে দুই কোটি ৬৭ লাখ ৪০ হাজার ৮৭০ টাকা আত্মসাত্ করে। দুদকের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ চার্জশিট দাখিল করা হয়েছে।