সহযোগী ও পুলিশের কাছে ‘পিস্তল সাব্বির’ নামে অধিক পরিচিত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হাসানকে (২৭) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদৃশ সশস্ত্র ব্যক্তিরা গত ২১ আগস্ট সন্ধ্যায় খুলনা থেকে অপহরণ করেছে বলে তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। এরপর তার কোন সন্ধান না পেয়ে সাব্বিরের স্ত্রী বাগেরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ সাব্বিরের স্ত্রী রেশমা আক্তার তার স্বামী অপহরণ হওয়ার বিষয়ে গতকাল সোমবার বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করেছিলেন। তবে গতকাল সকালে লোক পাঠিয়ে শারীরিক অসুস্থতার কারণে তিনি সংবাদ সম্মেলন স্থগিত করছেন বলে জানান। পরিবার, জেলা ছাত্রদল ও পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মারামারি, অস্ত্র আইন ও পুলিশের ওপর হামলার অন্তত ৪টি মামলা আছে। এদিকে বাগেরহাট জেলা ছাত্রদলের এক বিবৃতিতে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হাসানকে খুলনার নিউমার্কেট এলাকা থেকে তুলে নিয়ে গেছে বলে দাবি করা হয়। বাগেরহাট সদর থানার ওসি আলী আজম খান বলেন, তিনি অপহূত হয়েছেন কিনা তা আমরা তদন্ত করে দেখবো।
