পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান আওয়ামী তাহরিক (পিএটি) কর্মীরা ইসলামাবাদের স্পর্শকাতর এলাকা রেড জোনের রাস্তা দখল করে যে অবস্থান ধর্মঘট শুরু করেছে তা আজ মঙ্গলবারের মধ্যে খালি করতে নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। কনস্টিটিউশন অ্যাভেনিউ দখল করে আন্দোলন করা যাবে না বলে সুপ্রিম কোর্ট তার নির্দেশে উল্লেখ করে। এতে আরো বলা হয়, রেড জোনের মতো গুরুত্বপূর্ণ এলাকার রাস্তায় অবাধে যানবাহন চলাচলের সুযোগ থাকা উচিত। কিন্তু বিক্ষোভকারীরা তাতে বিঘ্ন ঘটাচ্ছে। ফলের অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়া ছাড়াও রাষ্ট্রীয় সুনাম নষ্ট হচ্ছে। গত ছয় মাসের মধ্যে সোমবার পাকিস্তানি রূপির মূল্য ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে চলে যায়।
তবে পিটিআই নেতা ইমরান খান গতকাল আবারো বলেন, নওয়াজ শরিফকে পদত্যাগ করতেই হবে। অন্যথায় তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে এবং নির্বাচনে কারচুপির যে তদন্ত চলছে তা নিরপেক্ষ ও সুষ্ঠ হবে না। প্রধানমন্ত্রীর চেয়ারে থাকলে নওয়াজ এসব তদন্তে অযাচিত হস্তক্ষেপ করতে পারেন। পদত্যাগ করে নতুন নির্বাচন দিয়ে নওয়াজকে প্রমাণ করতে হবে যে ২০১৩ সালের পার্লামেন্ট নির্বাচনে কারচুপি হয়নি।
গত ১৯ আগস্ট থেকে পিটিআই নেতা ইমরান খান ও পিএটি নেতা তাহির-উল-কাদরির সমর্থকরা নওয়াজ শরিফের সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী ইসলামাবাদের রেডজোন এলাকার দখল নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। রেড জোন হল ইসলামাবাদের সবচেয়ে সুরক্ষিত অঞ্চল। এখানেই রয়েছে পার্লামেন্ট হাউস, সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং বিভিন্ন দেশের দূতাবাস। সব সময় নিরাপত্তার ঘেরাটোপে মোড়া থাকে পুরো এলাকা। কোনও ধরনের বিক্ষোভ বা প্রতিবাদ মিছিল এখানে নিষিদ্ধ। কিন্তু আন্দোলনরত দল দুটি এই নিষেধাজ্ঞা অমান্য করায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে। আন্দোলনের কারণে আদালত, নির্বাচন কমিশন ছাড়াও সরকারি কাজকর্মে বিঘ্ন ঘটছে।
