সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন—যোগাযোগ মন্ত্রী

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২২:৪৭
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারেক রহমান লন্ডনে বসে দেশের মাটিতে ঢিল ছুঁড়ছেন আর কাপুরুষের মত কথা বলছেন। দেশে অবস্থান করে রাজনীতি করার সাহস না থাকায় তিনি একাজ করছেন। সাহস থাকলে লন্ডনে থেকে ষড়যন্ত্র কেন, দেশে এসে রাজনীতি করুন। গতকাল সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ভুলের চোরাবালিতে বিএনপির রাজনীতি হারিয়ে গেছে। গত নির্বাচনে যে ভুল করেছেন তার মাশুল এখন তারা দিচ্ছে। তারা এখন তর্জন-গর্জন সর্বস্ব দল। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে যোগাযোগ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় তথা সরকারের পক্ষ থেকে কোনো লোক নিয়োগ হচ্ছে না। নিয়োগ ইস্যুতে প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে সবার প্রতি আহবান জানান তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ, ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি এইচএম বদিউজ্জমান সোহাগ প্রমুখ।