চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। সেই ধারাবাহিকতায় রেজানুর রহমান এবার নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘বাইশ গজের ভালোবাসা’। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ক্রিকেটকেই বিষয়বস্তু করে নাটকটি নির্মাণ করা হয়েছে।
নাটকের কাহিনি অনেকটা এ রকম—আকবর নামের একজন যুবক ভাড়ায় ট্যাক্সি চালায়। এটিই তাঁর পেশা। ছোটবেলা থেকেই ক্রিকেটের ভক্ত। ক্রিকেটের ওপর পড়াশোনা করার জন্য বিকেএসপিতে ভর্তিও হয়েছিল। কিন্তু পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি বাবার হঠাত্ মৃত্যুর পর ক্রিকেট নিয়ে আর পড়াশোনা করা সম্ভব হয়নি। সাধারণ লাইনে পড়াশোনা করে সে। ক্রিকেট খেলতে না পারলেও ক্রিকেটের প্রতি তাঁর অগাধ ভালোবাসা। বিশ্বকাপ ক্রিকেট ইংল্যান্ডে খেলতে গেছে বাংলাদেশ। তাই নিয়ে তাঁর মাঝে ব্যাপক উত্তেজনা শুরু হয়। হঠাত্ সে সিদ্ধান্ত নেয় ১৯৭১ গজের একটি জাতীয় পতাকা বানাবে। তাঁর ধারণা বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবেই এবং বাংলাদেশ বিশ্বকাপে জিতলেই ঢাকায় সে এই পতাকা ওড়াবে। কিন্তু এত বড় পতাকা বানাতে হলে তো অনেক টাকার দরকার। এই নিয়ে দেখা দেয় নানা সমস্যা। এরইমধ্যে আকবরের বড় বোনের অসুস্থ স্বামী ঢাকায় আসে এবং তাঁর বাসায় ওঠে। এরইমধ্যে এলাকার সবাই জেনে গেছে আকবর ১৯৭১ গজের পতাকা বানাচ্ছে। কাজেই সে অনেক টাকার মালিক হয়েছে। কিন্তু বাস্তবতা হলো ঈদ উপলক্ষে পরিবারের জন্য যে বাড়তি খরচ করবে সে টাকাও আকবরের কাছে নেই। নাটকটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাভেদ ওমর বেলিম। আরো অভিনয় করেছেন রওনক হাসান, মিসু চৌধুরী, মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরুয, মাহবুবা রেজানুর, মিন্টু সরদার, উপন্যাস রহমান প্রমুখ। ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে।
