বর্ণিল সব আয়োজনে ঈদ অনুষ্ঠান প্রচার করবে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, সেলিব্রেটি শো, রম্য ম্যাগাজিন, একক নাটক, ধারাবাহিক নাটকসহ বিবিধ অনুষ্ঠান। ঈদের বিশেষ আয়োজনে প্রচার হবে ১০ পর্বের রান্নার অনুষ্ঠান ‘মৌসুমীস লাইভ কিচেন’। ঈদের দিন থেকে ১০ম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা মৌসুমী। উপস্থাপনার পাশাপাশি রন্ধনশিল্পী হিসেবেও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন আফতাব বিন তমিজ। ঈদ মানেই উত্সব, আনন্দ। তাইতো উত্সবের আমেজে মানানসই রেসিপি দিয়ে সাজানো হয়েছে ‘মৌসুমীস লাইভ কিচেন’ অনুষ্ঠানটি।
চিত্রতারকা মৌসুমী অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করে থাকেন। অবসর সময়ে রান্না করতেও পছন্দ করেন এই তারকা। তাঁর পছন্দের কিছু রেসিপি এবং পছন্দের ভ্রমণ নিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানটি। দেশ ও দেশের বাইরের বিভিন্ন লোকেশনে নির্মাণ করা হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানের কোনো কোনো পর্বে মৌসুমী নিজেই রান্না করেছেন তাঁর পছন্দের রেসিপি। রান্না করা রেসিপিটি তাঁর পছন্দের অতিথিদের খাওয়াবেন তিনি।
