বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ দ. আফ্রিকা

আপডেট : ১৭ মার্চ ২০২২, ২০:১৫

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। শুক্রবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৫টায় প্রথম ওয়ানডেতে মুথোমুখি হবে দুই দল। টাইগারদের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে প্রোটিয়ারা।

তার আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা ভুবামা। জানিয়েছেন বাংলাদেশ দল নিয়ে তাদের ভাবনার কথা। বলেছেন, তামিম বাহিনীকে হালকাভাবে নিতে নারাজ তারা।

গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফর করে যায় ভারত। প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। সেই ফলে আত্মবিশ্বাসী প্রোটিয়ারা। ভারতের থেকেও বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকবে মনে করলেও টাইগারদের সমীহ করছেন স্বাগতিক অধিনায়ক।

টেম্বা ভুবামা বলেন, ‘কন্ডিশন অবশ্যই আমাদের সাহায্য করবে, এটাই সত্যি। আমরাও সুবিধা নিতে চাইবো। কারণ, এখানকার উইকেটে গতি ও বাউন্স দুটোই থাকবে। তবে ওদের (বাংলাদেশ) খাটো করে দেখছি না। হ্যাঁ, হয়তো তাদের ভারতের মতো বড় নামের ক্রিকেটার নেই, তবে দলটিতে ম্যাচ জেতানোর মত পারফর্মার আছে। আমরা একটুও ছাড় দেবো না।’

বাংলাদেশের পেস বোলিং লাইনআপ অন্য যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে মানছেন ভুবামা। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের ভিন্ন চ্যালেঞ্জের মুখে ফেলবে। এই কন্ডিশন কাজে লাগানোর মতো ওদের পেসার আছে এবং এমন ব্যাটার আছে যারা শর্ট বল ভালো খেলে। আমরা ওদের হালকাভাবে নিচ্ছি না, জানি জিততে হলে আমাদের ভালো করতে হবে।’

ইত্তেফাক/টিএ