ফল

আহ্ লিচু!

আপডেট : ০১ জুন ২০১৯, ১৯:৪৩

 

গ্রীষ্মের মিষ্টি মধুর ফল লিচু, ছোট আকারের রসালো ফল। ভোঁতলো কাঁটাযুক্ত খোসার ভেতরে থাকে লিচুর খাবার অংশ এবং বিচি। গাছে ঝুলে থাকা থোকাবাঁধা  টকটকে লাল লিচু কার না নজর কাড়ে? লিচু দক্ষিণ এশিয়া ও চীনের একটি সুস্বাদু ফল। চীন, ইন্দোচীন, থাইল্যান্ড, জাপান, ফিলিপাইন দ্বীপপুঞ্জ, ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও আমেরিকার ফ্লোরিডাতে লিচু চাষ হয়। লিচু নামটি চীনা ভাষা থেকে উদ্ভূত। চীন দেশে এর নাম চাইনেন্সিস।

লিচু শুধু খেতেই সুস্বাদু নয়, এর চিরসবুজ বৃক্ষটি দেখতেও বেশ। মাঘ-ফাল্গুন মাসে আমের সঙ্গে সঙ্গে লিচুগাছেও মুকুল আসে। ঝাঁকড়া গাছের ডালে ডালে ঝুলন্ত লাল টকটকে আগুন রঙের লিচু ফলের গুচ্ছ  দেখতে খুবই চমত্কার।

বাংলাদেশের কুষ্টিয়া, যশোর, রাজশাহী, দিনাজপুর, ঢাকা, ময়মনসিংহ ও  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লিচু উত্পাদিত হয়। তবে সোনারগাঁও, ময়মনসিংহ ও দিনাজপুরের লিচুই উত্তম। চায়না, বোম্বাই, এলাচি, মোজাফরপুলি লিচুর চাষই বাংলাদেশে বেশি হয়। সোনারগাঁওয়ের লিচুর সুনাম দেশজোড়া। কদমি, চায়না-৩, মোজাফরপুরী ও এলাচি এই চার জাতের লিচুর চাষই এ অঞ্চলে বেশি। কদমি লিচু খেতে সুস্বাদু। আকারে বড় হওয়ায় এর চাহিদা ও দাম তুলনামূলক বেশি। বর্ণে ও স্বাদে অতুলনীয় সোনারগাঁওয়ের লিচুকে রসিকজনরা ‘দিল্লিকা লাড্ডু’ বলে অভিহিত করেন। এদিকে অমৃত লিচুর দেশ হিসাবে দিনাজপুর খ্যাত। দিনাজপুরের মাটি লিচু চাষের জন্য বিশেষভাবে উপযোগী। এ এলাকার অধিবাসীরা স্থানীয় লিচুকে ‘মাদ্রাজি লিচু’ বলে থাকেন। দিনাজপুরের লিচুগুলোর মধ্যে যে লিচুটির স্থান গুণেমানে, স্বাদে সর্বোত্কৃষ্ট সেই লিচু রাজ্যের রানি হলো ‘বেদানা’। এ লিচুটি হঠাত্ আলোর ঝলকানির মতো অতিদ্রুত এসে স্বল্প সময়ে উধাও হয়ে যায়। লিচু রাজ্যের মন্ত্রী ‘কাঁঠালী’। কাঁঠাল ফলের প্রতীক তীক্ষ কাঁটাসদৃশ্য আবরণের সঙ্গে তুলনা করেই সম্ভবত এই শ্রেণির লিচুটি ‘কাঁঠালী’ নামে পরিচিতি লাভ করেছে।