জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।
এসময় তিনি বলেন, তোমাদের চিত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রস্ফুটিত হবে। শিশু দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রকৃতিসহ বিভিন্ন চিত্র স্থান পায়। এ প্রতিযোগিতায় কুমিল্লার ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। 'ক' ও 'খ' দুইটি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও দুইটি বিভাগে ১০ জন প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল নন্দী, সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আহ্বায়ক প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুজ্জামান, বিভিন্ন বিভাগের শিক্ষক, শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
