ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় বিটিভিতে প্রচার হবে সামিনা চৌধুরীর একক সঙ্গীতানুষ্ঠান ‘জাদুটা যদি সত্যি হয়ে যেত’। মূলত সামিনা চৌধুরী ও তাঁর গান নিয়ে চার তরুণের আড্ডার মধ্য দিয়ে তৈরি হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে একটি হিন্দি ও একটি ইংরেজি গানসহ মোট ৮টি গান গেয়ে শোনাবেন শিল্পী সামিনা চৌধুরী। সামিনা চৌধুরী বলেন, ‘ঈদ মানেই তো আনন্দ। এবার ঈদে তাই আমার প্রিয় কিছু গানের মাধ্যমে ঈদের আনন্দটা ভক্ত-শ্রোতাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দারুণ এক আড্ডা আর আমার গাওয়া গান—দুইয়ে মিলে দর্শকদের জন্য উপভোগ্য হবে অনুষ্ঠানটি।’ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
