আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের। রচিত হবে দেশের ক্রিকেটের নতুন অধ্যায়। এমন সমীকরণ নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯৫ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। দলের হয়ে আফিফ হোসেন সর্বোচ্চ ৭২ রান করেন। কাগিসো রাবাদা ৩৮ রান দিয়ে ৫ উইকেট নেন।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানের মাথায় দুই অভিজ্ঞ তামিম ইকবাল ও সাকিব আল হাসান আউট হয়ে ফিরে যান। এরপর দলীয় ২৩ ও ব্যক্তিগত ১৫ রান করে বিদায় নেন লিটন দাসও। পরে প্রাথমিক বিপর্যয় কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বি। দলীয় ৩৪ রানের সময় প্যাভিলিয়নের পথ ধরেন ইয়াসির আলিও। তিনি মাত্র ২ রান করেন। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ করার আগে একই পথে হাঁটেন মুশফিকও।
সেখান থেকে আফিফের সঙ্গে জুটি গড়ে প্রতিরোধ গড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু দলীয় ৯৪ রানে থামে তার ইনিংস। তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ২৫ রান। সেখান থেকে মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন। দলীয় ১৮০ ও ব্যক্তিগত ৭২ রান করে ফিরে যান আফিফ। স্কোরবোর্ডে এক রান যোগ হওয়ার পর আফিফের পথ ধরেন ৩৮ রান করা মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলতে পারে সফরকারীরা।

আফিফের অর্ধশতকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা