মুরাদনগরে ব্রকলি চাষে সফল কৃষক সামসু

আপডেট : ২১ মার্চ ২০২২, ১৫:৩০

কুমিল্লার মুরাদনগর উপজেলার সামসুল হক নামে এক কৃষক ব্রকলি চাষে সফল হয়েছেন। উপজেলা কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় ৫৫ শতাংশ জমিতে ব্রকলির চাষ করেন তিনি।

স্থানীয়রা একে ‘সবুজ ফুলকপি’ হিসেবেও বলে থাকেন। বিদেশী এ সবজির ক্ষেত দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য লোকজন। তবে পুষ্টি সমৃদ্ধ হওয়া স্বত্বেও এলাকার মানুষ এই সবজিতে অভ্যস্ত না থাকায় বিক্রি নিয়ে কিছুটা চিন্তিত কৃষক সামসুল হক। এছাড়াও তিনি ইতিপূর্বে স্কোয়াশ, রক মেলন, হলুদ তরমুজ, সাম্মাম চাষ করে এলাকায় ব্যাপক সাড়া সাড়া জাগিয়েছেন।

তিনি মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ও ভ‚বনঘর মর্ডান এগ্রোফার্ম এর স্বত্বাধিকারী কৃষক সামসুল হক সামসু। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষেতের প্রায় সব গাছেই ব্রকলি নামক সবজি এসেছে। ব্রকলি আকার আয়তন ও দেখতে ফুলকপির মত হলেও পাতা ও  ফুলগুলো সাদার পরিবর্তে গাঢ় সবুজ। চাষ পদ্ধতি বাধা বা ফুলকপির মতোই। বিভিন্ন রকমের সবজি চাষি সামসুল হক উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় গত বছর পরীক্ষামূলক ভাবে অল্প জমিতে ব্রকলি চাষে ভালো ফলন ও দাম পাওয়ায় এবার বেশি পরিমাণ জমিতে ব্রকলি চাষ করেছেন। ৫৫ শতাংশ জমিতে ব্রকলী চাষে চারা, লেবার, সেচসহ এখন পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ৩০ হাজার টাকা। ইতোমধ্যে কৃষক সামসু বাজারে ৪০ হাজার টাকার ব্রকলী বিক্রি করেছেন। খরচ বাদে ১ লক্ষ টাকা লাভ হবে বলে আশা কৃষকের। ফলনের পাশাপাশি দাম ভালো পেয়ে খুশি বলে জানান তিনি। 

কৃষক সামসুল হক বলেন, বেশ কয়েক বছর ধরে ঝিঙ্গা, লাউ, মূলা, টমেটো, বাধাঁকপি ও ফুলকপিসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছি। গত বছর স্কোয়াশ, হলুদ তরমুজ, রকমেলন, মরুর দেশের ফল সাম্মাম ও বারমাসি তরমুজ চাষ করেও ভালো সফলতা পেয়েছি। আমি এবার দ্বিতীয়বারের মত ব্রকলি চাষ করেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ জানান, এই উপজেলায় প্রথমবারের মতো বারি ব্রকলি-১ জাতের ব্রকলি চাষ শুরু করা হয়েছে। কৃষক সামসুল হকের পরিশ্রমে ব্রকলি চাষ করে ভালো ফলন পাওয়া গেছে। আশা করি কৃষক সামসুল হককে দেখে অন্য কৃষকরাও এ সবজি চাষে ঝুঁকবে। পরীক্ষামূলক ব্রকলি চাষে মিলেছে ব্যাপক সাফল্য। সামসুলের চাষ দেখে কেউ যদি আগ্রহী হয়ে এ ধরনের উদ্যোগ নিতে চান তাহলে মুরাদনগর উপজেলা কৃষি অফিস সব ধরনের কারিগরি সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে। 

 

 

ইত্তেফাক/এআই