তানোরে মাঠে মাঠে আলু তোলার ধুম পড়েছে। কৃষকদের দম ফেলার ফুরসত নেই। কেউ কেউ নিজে আলু তুলছেন, কেউ শ্রমিক লাগিয়ে আলু তুলছেন।
কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। এ বছর আলুর ফলন ভালো। দামও ভালো। সে কারণে কৃষকরা বেশ খুশি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ১৩ হাজার ২৫০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে।
উপজেলার নারায়ণপুর গ্রামের আলু-চাষি সাইফুল ইসলাম জানান, গত বার আলু ঘরে তুলেই লোকসান হয়েছে। এবার জমিতেই বিক্রি করে দেব।
আলু-চাষি মোহাম্মদ আলী বলেন, এবার আলুর ফলন ও দাম ভালো। তবে গত দুই দিন আগে জমিতেই আলু পাইকারি ১৫ টাকা কেজি বিক্রি হলে এখন বাজারে ১৩ টাকা। দাম আর একটু বাড়লে কৃষক আরো লাভবান হবেন। তানোরে কার্ডিনাল ও ডায়মন্ড জাতের আলু বেশি চাষ হয়। কার্ডিনাল ও ডায়মন্ড ১৩ টাকা কেজি দরে ১ হাজার ১৭০ থেকে ১ হাজার ২৭০ টাকা বস্তা দরে বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম জানান, এবার আলু লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ১৩ হাজার ২৫০ হেক্টর জমিতে। এ পর্যন্ত যে জাতগুলো উঠেছে কৃষক তার ফলন ও দাম ভালো পাচ্ছেন।
