ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাম্পার ফলন চাষিদের মুখে হাসি

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:৩৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় এই বছর রসালো ফল লিচুর বাম্পার ফলন হয়েছে। ফলে লিচু চাষিদের মুখে এখন তৃপ্তির হাসি। আবহাওয়া ভালো থাকায় এবং ঝড়-বৃষ্টি কম হওয়ায় লিচুর বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী উপজেলা কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার পাহাড়ি জমিতে লিচুর চাষ করা হয়। আখাউড়া উপজেলার ধলেশ্বর, রাজাপুর, আমোদাবাদ, মোগড়া ও মনিয়ন্দ এলাকা এবং কসবা উপজেলার গোপীনাথপুর ও বায়েক ইউনিয়নে রয়েছে কয়েকশত লিচুর বাগান।

বিজয়নগর উপজেলার সবচেয়ে বড় লিচুর বাজার হচ্ছে আউলিয়া বাজার ও মেরাশানী। এ ছাড়াও উপজেলার মুকুন্দপুর, কাংকইরা বাজার, চম্পকনগর, সিঙ্গারবিল বাজার, আমতলী বাজারসহ আরো কয়েকটি বাজারে পাইকারীভাবে লিচু বেচা-কেনা হয়।

উপজেলার ভিটিদাউদপুর গ্রামের লিচু চাষি সোলেমান মিয়া বলেন, এলাকার ছোট ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে কম দামে লিচু কিনে বাইরের ব্যবসায়ীদের কাছে চড়া দামে বিক্রি করে। দালালদের জন্য চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।

কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. আবু নাসের জানান, কৃষি বিভাগ লিচু চাষিদেরকে সব ধরনের সহযোগিতা করেছেন। এ বছর ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫০ হেক্টর জমির বাগানে সাড়ে ৬শ মেট্রিক টন লিচুর উত্পাদন হয়েছে। যার বাজার মূল্য অন্তত ১৫ কোটি টাকা।