রাজশাহীতে ম্যানুয়াল পদ্ধতিতে রেলওয়ের  টিকিট বিক্রি, দুর্ভোগে যাত্রীরা

আপডেট : ২১ মার্চ ২০২২, ২০:০৫

রাজশাহী রেলওয়ে স্টেশনে অনলাইনে টিকিট বিক্রি প্রতিষ্ঠানের পরিবর্তন হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে নতুন একটি প্রতিষ্ঠান দায়িত্ব নেবে। এ কারণে সোমবার (২১ মার্চ) থেকে আগামী ২৬ মার্চ (শনিবার) পর্যন্ত যাত্রীদের হাতে লেখা টিকিট দিচ্ছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। এই প্রক্রিয়ায় টিকে বিক্রির প্রথম দিনেই সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। 

টিকিট প্রত্যাশীদের অভিযোগ, কাউন্টারে বুকিং সহকারীরা ধীরগতিতে কাজ করছেন। ফলে টিকিট পেতে সময় বেশি লাগছে। ট্রেনের টিকেট পেতে হয়তো ট্রেন ছেড়ে যাবে এমন আশঙ্কা প্রকাশ করেন যাত্রীরা। এছাড়া ট্রেনের নতুন ভাড়া আদায় করা হলেও টিকেটে মুদ্রিত রয়েছে একযুগ আগের পুরনো ভাড়া। সেই ভাড়ার অংক কেটে হাতে নতুন ভাড়া লেখার নিয়ম থাকলেও বুকিং কর্মচারীরা তা করছেন না। এ নিয়ে মারাত্মক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। 
 
টিকেটে ট্রেনের সময় ও ভাড়া নির্ধারণ করে পর্যায়ক্রমে সব ট্রেনের টিকিট আগের দিন প্রদান করা হলে ভোগান্তি কিছুটা কমবে দাবি করেন টিকিট প্রত্যাশীরা।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে হাতে লিখে টিকিট প্রদানের কারণে কিছুটা সময় বেশি লাগছে। ফলে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে যাত্রীদের। তবে আমরা যাত্রীদের ভোগান্তি কমানোর শতভাগ চেষ্টা করছি। তিনি আরো বলেন, নতুন প্রতিষ্ঠান দায়িত্ব নিবে। যার কারণে এই পাঁচদিন কিছুটা বিড়ম্বনা হবে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

ইত্তেফাক/এআই