নারী সাফে আজ টিকে থাকার লড়াই

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৬:৩০

ভারতের জামসেদপুরে টাটা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠানরত সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে আজ (২৩ মার্চ) বাংলাদেশের টিকে থাকার লড়াই। নেপালের বিপক্ষে লড়াই সন্ধ্যা সাড়ে ৭টায়।

অনূর্ধ্ব-১৮ নারী সাফে মাত্র তিন দেশ খেলছে। এক দল আরেক দলের বিপক্ষে দুই বার করে খেলছে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে। নেপালের বিপক্ষে এরই মধ্যে একবার খেলেছে বাংলাদেশ। বাংলাদেশ ৪-২ গোলে জিতেছে। আর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলে হেরেছে। আজ নেপালের বিপক্ষে দ্বিতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে বাংলার নারী ফুটবলাররা।

গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল কঠিন সমীকরণে পড়েছে। আজ নেপালের বিপক্ষে খেলা হলেও এই নেপাল এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তাদের সামনে আর কোনো আশাও নেই। বিদায় নেওয়া দলটা এতটাই হতাশ যে গতকাল তারা অনুশীলনও করেনি।

নেপাল যখন ঘরে বন্দি, তখন বাংলাদেশের মেয়েরা ৪০ ডিগ্রি গরমের মধ্যে অনুশীলন করেছে। এত গরমে তাদের মধ্যে কোনো হাপিত্যেশ নেই। কারণ, কষ্ট করে ম্যাচ জিতলেও যে লাভ হবে, সে কথা নিশ্চিত বলা যাবে না। সমীকরণ বলছে, সুবিধাজনক স্হানে যেতে হলে আজ নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। কারণ, আরেক প্রতিপক্ষ ভারত বাংলাদেশ থেকে ১২ গোলে এগিয়ে রয়েছে। অতএব, আজকের খেলায় বাংলাদেশ নেপালকে কত ব্যবধানে হারাতে পারে তার ওপর নির্ভর করছে পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে কী করতে হবে।

ভারতের বিপক্ষে যদি ম্যাচটা না হারতো, তাহলে আজ সমীকরণটা এত কঠিন হতো না। ফুটবলার উন্নতি খাতুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অঙ্কের হিসাবটা হাতে নিয়ে নেপালকে মোকাবিলা করবেন তারা। ২৫ মার্চ শেষ ম্যাচ ভারতের বিপক্ষে।

ইত্তেফাক/টিএ