প্রণোদনার টাকা না পাওয়ায় হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৬:৪০

করোনাকালীন সময়ে প্রণোদনার টাকা না পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করে নার্স-ওয়ার্ড বয় ও কর্মচারীরা। বুধবার সকাল সাড়ে ১০টায় পরিচালকের কক্ষে অবস্থান নেন তারা। পরে আগামী ১০ দিনের মধ্যে টাকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে এ আশ্বাসে ওয়ার্ডে ফিরে যান যান।

আন্দোলনরত নার্সরা জানায়, যারা করোনার সময়ে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়েছেন তাদের জন্য সরকারের পক্ষ থেকে গত বছরের জুলাইয়ে ১কোটি ৬০ লক্ষ টাকা প্রতিষ্ঠানটির অনুকূলে বরাদ্দ করে। কিন্তু আমাদের পরিচালকের খামখেয়ালির কারণে সেই টাকা মধ্যে ১ কোটি টাকা ফেরত চলে গেছে। আমরা এই অযোগ্য পরিচালকের অপসারণ দাবি করছি, পাশাপাশি আমাদের ন্যায্য পাওনা দাবি করছি। 

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, টাকা বরাদ্দ পাওয়ার পর আমরা একটি কমিটি গঠন করি। সেই কমিটির তথ্যের ভিত্তিতে তালিকা তৈরি করে এজি অফিসে পাঠানো হলে সেখান থেকে জানানো হয় প্রয়োজনীয় অর্থ নেই। এ খবরে কিছু স্টাফরা বিক্ষোভ করেছে।

তিনি জানান, প্রয়োজনীয় অর্থের জন্য সংশ্লিষ্ট দপ্তরের পত্র পাঠানো হয়েছে, আশা করছি দ্রুতই সমস্যা নিরসন হবে।

 

ইত্তেফাক/এএএম