টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র রাহাতকে (১৩) গলাকেটে হত্যা করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) ভোরে কালিহাতীর কোকডহরা ইউনিয়নের কাগুজীপাড়া চকের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। রাহাত একই এলাকার আগবানিরা গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল রাহাত (১৩)। বুধবার ভোরে কাগুজীপাড়া চকের একটি ডোবায় গলাকাটা অবস্থায় রাহাতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, কে বা কারা মঙ্গলবার রাতের কোনো এক সময় রাহাতকে গলাকেটে হত্যা করে লাশ ওই ফেলে রেখে যায়। আমরা তদন্ত শুরু করেছি। সন্দেহভাজন দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসঙ্গে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।
