বাড্ডায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড, শিশুসহ দগ্ধ ৪

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৩:৫০

রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। বুধবার (২৩ মার্চ) ভোরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

দগ্ধরা হলেন—সাহিদ হাসান (৩৭), সাফিয়ান (৯), সাফা (১০) ও রেখা (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। 

তিনি বলেন, ভোরে বাড্ডা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফারণে দগ্ধ শিশুসহ চার জনকে এখানে নিয়ে আসা হয়। তাদের মধ্যে সাহিদ হাসানের শরীরের ৯৫ শতাংশ, রেখার শরীরের ৩০ শতাংশ, সাফার শরীরের ১১ শতাংশ ও সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে সাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক। চারজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।


কেরানীগঞ্জে অগ্নিদগ্ধ যুবকের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হওয়া যুবক শুকুর আলী ব্যাপারী শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার মারা গেছেন। গত শনিবার পূর্ব আগানগর নামাপাড়া এলাকায় নুরু মার্কেটের চতুর্থ তলায় শুকুর আলী কারখানায় ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় মশার কয়েল জ্বালাতে গেলে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে  দগ্ধ হন তিনি। মুহূর্তে আগুনে তার শরীরের ৭৭ শতাংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে। শুকুর আলী শরীয়তপুর জেলার জাজিরা বড়কান্দি এলাকার মোস্তফা ব্যাপারীর ছেলে।

ইত্তেফাক/এমএএম