দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া বৃহস্পতিবার একটি ‘নামহীন ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা চালিয়েছে। আর এটি হচ্ছে পরমাণু ক্ষমতাধর এ দেশের উস্কানিমূলক ধারাবাহিক পরীক্ষার সর্বশেষ ঘটনা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দ. কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেন, ‘উত্তর কোরিয়া তাদের পূর্ব অভিমুখে একটি অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালিয়েছে।’
উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমানবিক অস্ত্র পরীক্ষার উপর জাতিসংঘের একটি নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির উপর জাতিসংঘের কঠোর অবরোধ রয়েছে।
কিন্তু পূর্ব এশিয়ার এই দেশটি নিয়মিত এসব নিষেধাজ্ঞা অমান্য করে। দেশটির নেতা কিম জং আন সামরিকভাবে দেশটিকে আরও শক্তিশালী করে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।
দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ বলছে, ২০১৭ সালের নভেম্বরের পর গত জানুয়ারি মাসে রেকর্ড সাতবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এতে নিন্দা জানায় যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘ।
