জয়পুরহাটে নিবিড় বার্ষিক ফসল উৎপাদন কর্মসূচির আওতায় চলতি ২০২১-২০২২ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে এবার গমের চাষ হয়েছে। আর তাই ভালো ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষি বিভাগের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করায় ফসল উৎপাদনে কৃষকের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
চলতি ২০২১-২০২২ অর্থবছরে ২ হাজার ৩৫০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ২ হাজার ৩৮৬ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৬ হেক্টর অতিরিক্ত। এতে গমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৪০০ মেট্রিক টন।
বাজারে গমের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে কৃষকদের মধ্যে গম চাষে আগ্রহও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম।
