ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের দাওসা গ্রামে মায়ের বিরুদ্ধে চার বছরের মেয়ে শিশুকে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
ওই শিশুর নাম মাহমুদা (৪)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করেছে। অভিযুক্ত মা নাজমা বেগমকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, ৫ বছর আগে পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামের রমজান আলীর সঙ্গে নাজমা বেগমের বিয়ে হয়। স্বামী মাদক ও জুয়া খেলায় আসক্ত হওয়ায় ৩ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বাবার বাড়ি চলে আসেন। তারপর থেকে বাবার বাড়িতেই থাকতেন সে। নাজমা উপজেলার দাওসা গ্রামের হযরত ফকিরের মেয়ে।
নাজমা আক্তারের বরাত দিয়ে পুলিশ জানায়, মাহমুদা পাশের বাড়ির উঠানে খেলা করার সময় মা নাজমা কাঁচি দিয়ে মাটিতে ফেলে জবাই করে হত্যা করে। শিশুটির চিৎকারে লোকজন এসে নাজমাকে শিকলে বেঁধে থানায় খবর দেয়।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুর মা নাজমা আক্তারকে আটক করা হয়েছে।
