খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ক্বারি মো. ইব্রাহিম (৬৫) নামে একজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়পিলাকের শামসু নগর জামে মসজিদ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল এসে মো. ইব্রাহিমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কারী ইব্রাহিম শামসু নগর জামে মসজিদের ইমাম ছিলেন। গুইমারা থানার ওসি মিজানুর রহমান দুর্ঘটনায় তথ্যটি নিশ্চিত করেছেন।
