তৃতীয়বারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ডান্স ফেস্ট আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নাচের সংগঠন ‘রিদম’। গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির থিয়েটার ক্লাব অল স্টারস ড্যাফোডিলের নাচের দল।
২৩ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠানটি শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে ৯টায়। এতে ড্যাফোডিল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও নর্থ-ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অংশ নিয়েছে।
একটি দলীয় নাচ ও একটি নৃত্যনাট্য পরিবেশন করেছে অল স্টারস ড্যাফোডিল। নৃত্য পরিচালনায় ছিলেন ইলিয়াস নবী ফয়সাল ও লিলিমা শাহজাহান লিমা। নাচের শিল্পীরা হলেন- তৌহিদুর রহমান নিশান, ইসরাত খান মানহাল, সামান্থা আরিফিন, দুর্জয় মিত্র, নাইমুর রহমান শাওন ও তাসমিয়া রিয়া।
ড্যাফোডিলের শিক্ষার্থীদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শকরা। করতালির মাধ্যমে প্রশংসাও করেছে। পরে রিদমের পক্ষ থেকে অল স্টারস ড্যাফোডিলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এমন আয়োজনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়ে অল স্টারস ড্যাফোডিলের সভাপতি তৌহিদুর রহমান নিশান বলেন, এই ধরনের অনুষ্ঠান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্প্রতির বন্ধন বাড়াতে সহায়তা করে। নৃত্যশিল্পীরাও নিজ প্রতিষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে দেশের অন্যান্য কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজেদের প্রতিভার জানান দিতে পারছে।
